‘মুরাদনগরে ‘মাফিয়াতন্ত্র’ প্রতিষ্ঠা করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ’

উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগরে ‘মাফিয়াতন্ত্র’ প্রতিষ্ঠা করেছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তার দাবি, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন, তারা এখন হয়রানির শিকার হচ্ছেন। বরং আসিফ মাহমুদের নির্দেশেই এসব নেতা-কর্মীকে জেলে পাঠানো হয়েছে।

সোমবার (৪ আগস্ট) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাছির। কারাগারে বন্দি মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাজিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে দেখতে গিয়েছিলেন তিনি।

নাছির উদ্দিন নাছির বলেন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাজিম মাহমুদের গ্রেপ্তারের খবরে তার মা হার্ট অ্যাটাক করে মারা গেছেন। যা অত্যন্ত বেদনাদায়ক। উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দমতো মুরাদনগরকে পরিচালনা করছেন। মুরাদনগরে ফ্যাসিবাদ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জেলখানায় না থাকলেও বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ জন নেতাকর্মীকে জেলে রাখা হয়েছে। আমি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ১৩ নেতাকর্মীকে মুক্তির দাবি জানাই।

তিনি আরও বলেন, আসিফ মাহমুদ খুনি হাসিনার মতো মুরাদনগরের মানুষের সাথে গাদ্দারি করছেন। গত ১৭ বছরে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, সেই মুরাদনগরের একজনও আজ কারাগারে নাই। তারা প্রকাশ্যে ঘোরাঘুরি করছেন, আসিফের বাবার সাথে ব্যবসা-বাণিজ্য করছেন। আসিফ মাহমুদ উপদেষ্টা পরিষদে থেকে কীভাবে নির্বাচন করবেন? অনেকে বলছেন, তিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করে নির্বাচন করবেন। এমন উপদেষ্টা নিয়ে সরকার কীভাবে নিরপেক্ষ থাকে?

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, আসিফের মাফিয়াতন্ত্রের কারণে স্থানীয় ওসি ভয়ের মধ্যে আছেন। সে কারণে তিনি মামলা দিচ্ছেন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই ওসিকে প্রত্যাহার করা হয়।

ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা ও উত্তর জেলার ছাত্রদল নেতারা। সাক্ষাৎ শেষে নাছির উদ্দিন নাছির নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে দেখা করেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।