ব্যালন ডি’অরকে ‘মনগড়া পুরস্কার’ বললেন রোনালদো

একসময় ব্যালন ডি’অরের তালিকা মানেই সেখানে থাকত ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। কিন্তু সময় বদলেছে। টানা দ্বিতীয়বার এই মর্যাদাপূর্ণ পুরস্কারের মনোনীত ৩০ জনের তালিকায় নেই পর্তুগিজ সুপারস্টার। আর তাতেই যেন আয়োজকদের প্রতি মনঃক্ষুণ্ণ হয়ে উঠেছেন তিনি।

ফুটবল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার ব্যালন ডি’অর জয়ী রোনালদোর মতো এবার মনোনীতদের তালিকায় ঠাঁই পাননি তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও, যিনি আটবার এই পুরস্কার জিতেছেন। তবে মেসি নীরব থাকলেও, রোনালদো স্পষ্টভাষী।

গতকাল পর্তুগালে প্রীতি ম্যাচে রিও আভেকে ৪-০ গোলে হারায় রোনালদোর ক্লাব আল নাসর। ম্যাচে হ্যাটট্রিক করেন সিআর সেভেন। খেলা শেষে ‘স্পোর্ট টিভি পর্তুগাল’ যখন জানতে চায়, এবারের ব্যালন ডি’অর জিততে পারেন কে—রোনালদোর উত্তর ছিল সংক্ষিপ্ত ও তীক্ষ্ণ, “এটা আমার কাছে মনগড়া লাগে।” অর্থাৎ, পুরস্কারটির ওপর তার আস্থা এখন অনেকটাই ক্ষীণ।

ব্যালন ডি’অর আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকীকে নিয়ে এর আগে একাধিকবার সমালোচনা করেছেন রোনালদো। গত বছর ম্যানচেস্টার সিটির রদ্রি পুরস্কার জিতলেও, ফেভারিট ছিলেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র—এমনটাই মনে করেছিলেন তিনি। তখনই মন্তব্য করেছিলেন, “কোনো বিশ্বাসযোগ্যতা নেই। পুরস্কারটি ভিনিসিয়ুসের জেতা উচিত ছিল। অনেকবার আমার এটাই মনে হয়েছে এবং রাগ লেগেছে।”

দীর্ঘ ২২ বছরে দ্বিতীয়বারের মতো ব্যালন ডি’অরের মনোনীত তালিকায় নেই রোনালদো ও মেসি—শেষবার এমন ঘটনা ঘটেছিল ২০০৩ সালে। ২০০৪ সালে প্রথম মনোনয়ন পান রোনালদো, আর ২০০৬ সালে মেসি।

যদিও ব্যক্তিগত পারফরম্যান্সে ২০২৪–২৫ মৌসুম রোনালদোর জন্য বেশ উজ্জ্বল। ক্লাবের হয়ে করেছেন ৩৫ গোল, জাতীয় দলের হয়ে ৮ গোল, সঙ্গে নেশনস লিগ শিরোপা। আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অরের বিজয়ীর নাম।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।