খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫
জরুরি অবস্থা প্রত্যাহারের ১৭ দিন পর মিয়ানমারে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে জান্তা সরকার। প্রথম ধাপের কার্যক্রম শুরু হবে আগামী ২৮ ডিসেম্বর। সোমবার এক বিবৃতিতে দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশন এ তথ্য জানায়।
এএফপির খবরে বলা হয়েছে, নির্বাচনের প্রথম ধাপ শুরু হবে ২৮ ডিসেম্বর থেকে। পরবর্তী ধাপের তারিখ পরে জানানো হবে।
তীব্র গৃহযুদ্ধে জর্জরিত দেশটির অনেক অংশ এখনো সেনাদের নিয়ন্ত্রণের বাইরে। এর মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনাকে আন্তর্জাতিক মহল ‘প্রহসন’ আখ্যা দিয়েছে।
২০২১ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত অং সান সু চির সরকারকে উৎখাত করা হয়। এরপর থেকেই দেশটি সংঘাতে নিমজ্জিত। বর্তমানে কয়েকটি এলাকা গণতন্ত্রপন্থী গেরিলা ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। তারা এসব এলাকায় ভোট ঠেকানোর ঘোষণা দিয়েছে।
চলমান গৃহযুদ্ধে মিয়ানমারে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন ৩৫ লাখের বেশি। জান্তা সরকারের দাবি, এই নির্বাচন সংঘাত নিরসনের উপায় হতে পারে। ভোটের আগে অস্ত্র সমর্পণকারী বিদ্রোহীদের নগদ পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।
দেশটির বড় রাজনৈতিক দল এনএলডির নেত্রী অং সান সু চি এখনো কারাগারে। সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বহু সংসদ সদস্য নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। জাতিসংঘের এক বিশেষজ্ঞ বলেছেন, এই নির্বাচন প্রতারণা ছাড়া আর কিছু নয়। তাঁর মতে, এর মাধ্যমে সামরিক শাসনকে নতুন বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
খবরওয়ালা/টিএসএন