খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
নোয়াখালীর হাতিয়ায় সম্রাট আকবর (সাবেক ছাত্রদল নেতা) নামে এক যুবককে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ তাকে স্থানীয় ইউপি সদস্যের বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সম্রাট আকবর জাহাজমারা ইউনিয়নের পূর্ববিরবিরি গ্রামের ইমাম হোসেনের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত।
অভিযুক্ত জসিম উদ্দিন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দখলদারি, চাঁদাবাজি ও সাধারণ মানুষকে নির্যাতনের অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, জসিমের বাড়িতে সম্রাটকে গাছে বেঁধে মারধর করা হচ্ছিল। স্বজনরা বাধা দিতে গেলে জসিমের লোকজন তাদেরও আটকে রাখে। পরে তারা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে সম্রাটকে উদ্ধার করে।
সম্রাট অভিযোগ করে বলেন, রাজনৈতিক বিরোধের জেরে জসিম ও তার লোকজন তাকে ধরে নিয়ে গিয়ে লাঠি ও বিদ্যুতের তার দিয়ে পেটায়। এতে তার হাত ভেঙে গেছে।
তবে অভিযোগ অস্বীকার করে জসিম বলেন, ঘটনাটি সত্য নয়। কিন্তু পুলিশ কীভাবে তার বাড়ি থেকে সম্রাটকে উদ্ধার করেছে—এ প্রশ্নের জবাব দিতে পারেননি।
জাহাজমারা ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আহত সম্রাটকে উদ্ধার করে স্বজনদের মাধ্যমে হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবরওয়ালা/ আশ