খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার আস্তানায় হামলায় একজন নিহতের ঘটনায় করা মামলায় শান্ত কাজী (১৯) ও মোহাম্মদ আনিছুর রহমান (৩০) নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার শান্ত কাজী গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার বাসিন্দা ও আনিছুর রহমান ফরিদপুরের সালথা থানার ঘটরকান্দা গ্রামের বাসিন্দ।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গত শুক্রবার জুমার পর নুরাল পাগলার আস্তানায় হামলার ঘটনায় রাসেল মোল্লা নামের একজন নিহত হন।
নিহত ব্যক্তির বাবা আজাদ মোল্লা বাদী হয়ে গত সোমবার রাতে থানায় চার হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি বলেন, গত শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মোল্লা বাদী হয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা সাড়ে ৩ হাজার জনকে আসামি করা হয়। ওই মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি মামলায় মোট ২০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে জন্য ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খবরওয়ালা/এসআর