খবরওয়ালা বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
বলিউডের ‘বাদশাহ’ শুধু রূপালি পর্দার নায়ক নন, বাস্তব জীবনেও তিনি মানবতার পাশে দাঁড়ান। পাঞ্জাবে ভয়াবহ বন্যায় যখন হাজারো মানুষ গৃহহীন, ঠিক তখনই ১৫০০ পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন শাহরুখ খান।
গত ৩৭ বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। টানা অতিবৃষ্টিতে পানির নিচে ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে শাহরুখের স্বেচ্ছাসেবী সংস্থা ‘মীর ফাউন্ডেশন’ ইতিমধ্যেই উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণ শুরু করেছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অমৃতসার, পাতিয়ালা, ফজিলকা, ফিরোজপুরসহ পাঞ্জাবের বিভিন্ন জেলায় ১৫০০ পরিবারের দায়িত্ব নিয়েছেন শাহরুখ। তাদের জন্য পাঠানো হচ্ছে পানীয় জল, খাবার, ফ্লোটিং কট, তোষক, মশারি, ওষুধসহ প্রয়োজনীয় সব সামগ্রী। শাহরুখের উদ্দেশ্য শুধু ত্রাণ বিতরণ নয়, বরং পরিবারগুলোর পুনর্বাসন ও দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরি করা। এর আগেও অমৃতসরের ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
বন্যাদুর্গত মানুষের দুর্দশা দেখে ব্যথিত শাহরুখ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘পাঞ্জাবের এমন দৃশ্য দেখে আমার মন ভেঙে গিয়েছে। আমি আশা করব, পাঞ্জাবের মনোবল কখনো যেন না ভাঙে।’ তাঁর এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। নেটিজেনদের অনেকেই শাহরুখকে ‘ট্রু কিং’, ‘রিয়েল হিরো’ বলে প্রশংসায় ভাসান। কেউ কেউ আবার মন্তব্য করেন, ‘শাহরুখ শুধু সিনেমায় নন, বাস্তব জীবনেও নায়ক।’
শুধু শাহরুখ নন, পাঞ্জাবের বন্যার এই কঠিন সময়ে আরও অনেক বলিউড তারকা এগিয়ে এসেছেন। অক্ষয় কুমার নিজের জন্মভূমি পাঞ্জাবের জন্য মোটা অঙ্কের অর্থ সহায়তা দিয়েছেন। সালমান খান তাঁর ‘বিইং হিউম্যান’ ফাউন্ডেশনের মাধ্যমে দুর্গত এলাকায় চিকিৎসা ও খাদ্যসহায়তা পাঠিয়েছেন। সোনু সুদ, যিনি মহামারির সময় ভিন্ন ভূমিকায় মানুষের আস্থা অর্জন করেছিলেন, এবারও গ্রামে গ্রামে পৌঁছে মানুষকে সাহায্য করছেন। রণদীপ হুদা ও দিলজিৎ দোসাঞ্জও সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষকে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। রণদীপ হুদা নিজে দুর্গত এলাকায় গিয়ে সহযোগিতা করেছেন নানাভাবে। দিলজিৎ দোসাঞ্জ বন্যাকবলিত ১০টি গ্রামের মানুষদের দায়িত্ব নিয়েছেন পুনর্বাসনের জন্য।
শাহরুখের মানবিক কর্মকাণ্ড ভক্তদের কাছে তাঁকে আরও প্রিয় করে তুলেছে। ভক্তদের ভাষায়, ‘যেখানে অন্য তারকারা মাঝেমধ্যে এগিয়ে আসেন, শাহরুখ সব সময় মানুষের পাশে থাকেন।’
পাঞ্জাবের বন্যায় তাঁর সর্বশেষ উদ্যোগ প্রমাণ করল, জনপ্রিয়তার বাইরেও তিনি এক বড় মাপের মানুষ।
ভারতের চলচ্চিত্র বিশ্লেষকেরা বলছেন, বলিউড তারকাদের এ ধরনের উদ্যোগ শুধু তাৎক্ষণিক ত্রাণসহায়তা নয়, সাধারণ মানুষের মনে ভরসা জোগায়। যখন দুর্যোগে রাষ্ট্রীয় সহায়তা পৌঁছাতে সময় লাগে, তখন পরিচিত মুখগুলো দ্রুত এগিয়ে এসে বাস্তব পরিবর্তন আনতে সক্ষম হয়। শাহরুখ খানের মতো সুপারস্টার যখন নিজে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দেন, তখন সাধারণ মানুষও অনুপ্রাণিত হয়ে ছোট ছোট উদ্যোগ নেন।
খবরওয়ালা/এসআর