খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড গড়লো ইংল্যান্ড। দলীয় এবং ব্যক্তিগত—দুই ক্ষেত্রেই লিখলো নতুন ইতিহাস।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ৩০৪ রান তোলে ইংল্যান্ড। এটি শুধু তাদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহই নয়, পুরো ফরম্যাটে তৃতীয় সর্বোচ্চ স্কোরও। এর আগে জিম্বাবুয়ে ৩৪৪ এবং নেপাল ৩১৪ রানের রেকর্ড গড়েছিল।
ওপেনার ফিল সল্ট খেলেন বিধ্বংসী ইনিংস। ৩৯ বলে সেঞ্চুরি তুলে ইংল্যান্ডের হয়ে দ্রুততম শতকের রেকর্ড গড়েন তিনি। আগের রেকর্ডটি ছিল লিয়াম লিভিংস্টোনের (৪২ বলে)। শেষ পর্যন্ত সল্ট অপরাজিত থাকেন ৬০ বলে ১৪১ রানে, যা ইংল্যান্ডের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। তার আগের রেকর্ডও ছিল তার দখলেই (১১৯, ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)।
অন্যদিকে, অধিনায়ক জস বাটলার ঝড়ো ব্যাটিংয়ে ৩০ বলে করেন ৮৩ রান, যেখানে ছিল ৮ চার ও ৭ ছক্কা। পাওয়ার প্লেতে ৬ ওভারে দলীয় ১০০ রান তুলে ইংল্যান্ড নতুন মাইলফলক স্পর্শ করে।
শেষ দিকে হ্যারি ব্রুক (২১ বলে ৪১*) এবং জ্যাকব বেথেল (১৪ বলে ২৬) ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেললে নির্ধারিত ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩০৪ রানে।
খবরওয়ালা/আশ