খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ওবায়দুর সিকদার (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, বনভোজনের কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন।
নিহত ওবায়দুর কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ সিকদারের ছেলে এবং তিনি পেশায় দিনমজুর ছিলেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশে যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে কাশিয়ানী থানা–পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় বনভোজনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ওবায়দুর। রাত সাড়ে আটটার দিকে পরিবারের সদস্যরা তাঁর মুঠোফোনে কল করলে তিনি জানান, তিনি বনভোজনে আছেন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন শনিবার সকালে আবার ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
খবরওয়ালা/শরিফ