খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে পেট্রোল দেওয়া হবে না এমন সিদ্ধান্ত নিয়েছে যশোরে জেলা আইনশৃঙ্খলা কমিটি।
একই সঙ্গে যানজট নিরসন, মাদক নিয়ন্ত্রণ ও স্থানীয় মেলায় অশ্লীলতা বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
সভায় জানানো হয়, খুলনা বিভাগের মধ্যে গত আগস্টে যশোরে সর্বাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ সময় ৯টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৯ জন আহত হন। দুর্ঘটনার ২১ দশমিক ৭৩ শতাংশই মোটরসাইকেলসংক্রান্ত।
জেলা প্রশাসক বলেন, ‘লাইসেন্সবিহীন ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে পেট্রোল না দিলে কিশোররা বাইক চালাতে পারবে না। এতে দুর্ঘটনা কমবে। পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স প্রদানের সময় ট্রাফিক নিয়মের ক্লাস ও ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হবে।’
পৌর প্রশাসক রফিকুল হাসান জানান, শহরের যানজট নিরসনে অবৈধ যানবাহন জব্দের অভিযান চলছে। অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, প্রতিবার একাধিক ইস্যুতে আলোচনা করায় সমস্যা সমাধান কঠিন হচ্ছে; একবারে একটি বিষয়ে ফোকাস করা জরুরি।
সভায় সিভিল সার্জন হাসপাতালের ঔষধ সংকট, চেম্বার অব কমার্স সড়ক দখল ও যানজট সমস্যা, প্রেসক্লাব সভাপতি শহরের মোড়গুলোতে যানজট প্রকট হওয়া, জেলা বিএনপি সভাপতি দুর্গাপূজাকে সামনে রেখে যানজট ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণের আহ্বান এবং জেলা জামায়াতের আমীর পূজায় সহযোগিতা ও নির্বাচনে সন্ত্রাস দমনের দাবি তোলেন।
এছাড়া দীর্ঘদিন ধরে পুলিশ প্লাজা নামের প্রতিষ্ঠানের আড়ালে অনুমতিহীন বাণিজ্যের অভিযোগও সভায় তোলা হয়।
খবরওয়ালা/আশ