খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
চলমান যুদ্ধবিরতির পরেও ইসরায়েলি বাহিনীর হামলায় দক্ষিণ লেবাননে দুই জন নিহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্থানীয় সময় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) চালানো এই হামলায় আহত হয়েছে আরও ১১ জন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তিবনিন শহরের একটি সরকারি হাসপাতালের বাইরে একটি গাড়িতে আঘাত হানে ইসরায়েলি বিমান। এতে একজন নিহত ও ১১ জন আহত হয়। এছাড়া আনসার এলাকায় আরেকটি গাড়িতে হামলার ঘটনায় আরও একজন নিহত হয়।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ কমান্ডার আম্মার হায়েল কুতাইবানিকে হত্যা করেছে। তবে সঠিক স্থান উল্লেখ করেনি। সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা তিবনিনে হিজবুল্লাহর এলিট ‘রাদওয়ান ফোর্স’-এর এক সদস্যকে হত্যা করেছে এবং নাকুরা শহরে হিজবুল্লাহর একটি নৌযান ধ্বংস করেছে। ওই নৌযানটি ইসরায়েলি সেনাদের ওপর নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছিল বলে দাবি করা হয়েছে।
হামলার একদিন আগে ইসরায়েল পাঁচটি শহরে বিমান হামলা চালিয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের এলাকা খালি করতে বলে। ইসরায়েলি সেনারা দাবি করেছে, তারা হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের অস্ত্রাগারে হামলা চালিয়েছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলার নিন্দা জানিয়ে বলেন, যুদ্ধবিরতির জন্য যারা মধ্যস্থতা করেছিল তাদের নীরবতা আরও আগ্রাসনকে উৎসাহিত করছে। তিনি বলেন, এখনই সময় এই স্পষ্ট সার্বভৌমত্ব লঙ্ঘনের অবসান ঘটানোর।
সূত্র: জেরুজালেম পোস্ট, সিনহুয়া
খবরওয়ালা/এফএস