৩ দিন পর উত্তরের ৩ জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

তিন দিন বন্ধ থাকার পর রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল আবার শুরু হয়েছে। মালিক–শ্রমিকদের মধ্যে ঢাকার গাবতলীতে বৈঠক শেষে সোমবার বিকেল ৩টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে মালিকপক্ষ হঠাৎ করেই দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয়। ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

আজকের বৈঠকে মালিক ও শ্রমিকদের মধ্যে কয়েক দফা সমঝোতা হয়। সিদ্ধান্ত অনুযায়ী—

  • ঢাকা থেকে রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ রুটে চালক পাবেন ১,৭৫০ টাকা, সুপারভাইজার ৭৫০ টাকা এবং হেলপার ৬৫০ টাকা।
  • ঢাকা–কানসাট বা ঢাকা–রহনপুর রুটে চালক পাবেন ১,৯৫০ টাকা, সুপারভাইজার ৮০০ টাকা এবং হেলপার ৭০০ টাকা।
  • খোরাকি ভাতা ২১০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে।
  • শ্রমিকেরা যাত্রাপথে আর বিনা টিকিটের যাত্রী তুলতে পারবেন না।

এর আগে বেতন–ভাতা বৃদ্ধির দাবিতে গত ৮ ও ৯ সেপ্টেম্বর দুই দিন কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা। মালিকদের আশ্বাসে তারা কাজে ফিরলেও পরে দাবি পূরণ না হওয়ায় ২২ সেপ্টেম্বর আবার কর্মবিরতির ডাক দেন। পরবর্তীতে মালিকরা দাবি মেনে নেওয়ার কথা জানালেও শ্রমিকদের বিরুদ্ধে ‘অযৌক্তিক কিছু দাবি তোলার’ অভিযোগ আনে। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাত থেকে মালিকপক্ষ একতরফাভাবে বাস বন্ধ করে দেয়।

উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল বলেন, “শ্রমিকদের দাবির বিষয়ে আজ ঢাকায় গাবতলীতে বৈঠক হয়েছে। দুই পক্ষের সমঝোতার পর আপাতত বাস চলাচল শুরু হয়েছে।”

এদিকে, বাস চালক ও শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য বেতন–ভাতা দাবি করে আসছিলেন। আজকের সিদ্ধান্ত কার্যকর হলে কিছুটা স্বস্তি মিলবে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।