সেই বৃদ্ধের চুল কাটার ঘটনায় গ্রেপ্তার ১

ময়মনসিংহের তারাকান্দায় বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দকে (৭০) ধরে জোর করে চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় মজলু মিয়া (৫০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত মজলু মিয়া (৫০) তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকার বাসিন্দা এবং মামলার সাত নম্বর আসামি।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বলেন, গ্রেপ্তার মজলু মিয়াকে বুধবার আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হজরত শাহজালালের (রহ.) ভক্ত হালিম উদ্দিন আকন্দ দীর্ঘ ৩৪ বছর ধরে চুল কাটেননি, যার কারণে তার মাথায় জটা তৈরি হয়েছিল। সম্প্রতি ঘটনার দিন কাশিগঞ্জ বাজারে তাকে ‌‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামের একটি সংগঠনের লোকজন জোর করে ধরে নিয়ে ট্রিমার দিয়ে তার মাথার জট, দাড়ি ও চুল কেটে দেন। এ সময় তিনি শারীরিক নির্যাতন ও বলপ্রয়োগের শিকার হন।

হঠাৎ ওই ব্যক্তিরা জোর করে চুল কেটে দেওয়ায় তিনি অত্যন্ত মর্মাহত হন এবং শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি লজ্জায় ঘর থেকেও তেমন বের হন না। এ ঘটনায় গত শনিবার বিকেলে তারাকান্দা থানায় একটি মামলা করেন হালিম উদ্দিনের ছেলে মো. শহিদ মিয়া আকন্দ। মামলায় সাতজনের নাম উল্লেখের পাশাপাশি মোট ১২ জনকে আসামি করা হয়।

এদিকে এ ঘটনাকে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) ‘মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।