খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর ২০২৫
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির অভিযোগে নবী হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, এ সময় ডাকাতদলের হামলায় কমপক্ষে চারজন জখম হয়েছেন।
বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী (কাঁঠালতলা) এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নবী হোসেন উপজেলার উচিতৎপুরা গ্রামের লোকমান ওরফে লইক্কা হোসেনের পুত্র। আহতরা হলেন, ওই গ্রামের কুলসুম, নাইম, আবুল ও ফারুক।
স্থানীয়দের দাবি, গভীর রাতে ১৫-২০ জন সদস্যের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দড়ি বিশনন্দী এলাকার ইলিয়াসের বাড়িতে ডাকাতি করতে ঢোকে। পরিবারের সদস্যরা টের পেয়ে চিত্কার করলে ডাকাতরা আক্রমণ শুরু করে। এতে গৃহবধূ কুলসুম গুরুতরভাবে জখম হন এবং নাঈম, আবুল ও ফারুক নামের আরও তিনজন আঘাত পান। তাদের চিত্কারে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসে এবং মসজিদের মাইকে ঘোষণা দেয়। গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছে একজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই সুযোগে বাকি সদস্যরা পালিয়ে যায়।
আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুউদ্দিন বলেন, এই ঘটনার আগে ওই ডাকাতদল আরও দুটি বাড়িতে চুরি করেছে বলে আমরা জানতে পেরেছি। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
খবরওয়ালা/টিএসএন