কুমিল্লায় যুবককে গাছে বেঁধে মারধরের ভিডিও ভাইরাল

কুমিল্লায় চোর অপবাদ দিয়ে নুরে আলম (২২) নামের এক যুবককে গাছের সাথে বেঁধে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।

রবিবার (৫ অক্টোবর) ওই ভিডিওর মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। এর আগে শনিবার সকালে জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের উত্তর যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ৪২ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর রবিবার দুপুরে ঘটনাস্থল থেকে আবুল হাসেম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, নির্যাতনের শিকার নুরে আলমের পরিবারের সঙ্গে একই গ্রামের আবুল হাসেমের পরিবারের দীর্ঘ দিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে শনিবার ভোর রাতে টর্চলাইট নিয়ে গ্রামে মাছ ধরার সময় ‘মুরগী চুরি করতে এসেছে’ এমন অপবাদ দিয়ে নুরে আলমকে আটক করে বাড়িতে নিয়ে যান আবুল হাসেম। শনিবার সকালে বাড়িতে গাছের সাথে বেঁধে আবুল হাসেমের নির্দেশে তাকে নির্যাতন চালায় হাসেমের মামাতো ভাই সোহেল ও প্রতিবেশী স্বপন। ভাইরাল হওয়া ভিডিওতে নির্যাতনের শিকার ওই যুবককে ‘মা..মা’ বলে চিৎকার করতে শোনা যায়। এ সময় স্থানীয় নারী-পুরুষরা উপস্থিত থাকলেও কেউ তাকে রক্ষায় এগিয়ে আসেনি। খবর পেয়ে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, ভাইরাল হওয়া ভিডিওটি রবিবার নজরে আসার পরই ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ঘটনার মূল হোতা আবুল হাসেমকে আটক করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের জের ধরে মুরগী চোর সন্দেহে ওই যুবককে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। আহত ওই যুবক বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।
 

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।