আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর ২০২৫
আমেরিকান রক দল নিরভানার কালজয়ী অ্যালবাম ‘নেভারমাইন্ড’-এর প্রচ্ছদে যে শিশুটি নগ্ন অবস্থায় ছিল, সেই স্পেন্সার এলডেন বড় হয়ে এই বিষয়ে যে আইনি পদক্ষেপ নিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের আদালত তা বাতিল করে দিয়েছে।
১৯৯১ সালে প্রকাশিত এই সংগীত সংকলনের প্রচ্ছদে চার মাস বয়সী এলডেনকে জলের নিচে নগ্ন হয়ে সাঁতার কাটতে দেখা যায়, যার সামনে একটি ডলারের নোট টোপ হিসেবে ঝুলছিল। বহু বছর পর তিনি অভিযোগ আনেন যে—ছবিটি তাঁর শৈশবের যৌন শোষণ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং তা বিশ্বজুড়ে ব্যবসায়িক উদ্দেশ্যে ছড়িয়ে পড়েছে।
তবে মার্কিন জেলা আদালতের বিচারক ফারনান্দো ওলগুইন তাঁর সিদ্ধান্তে বলেন, ছবিটিতে “যৌনভাবে সুনির্দিষ্ট কোনো আচরণ” দৃশ্যমান নয়। তাঁর মতানুসারে, “ছবির অঙ্গভঙ্গি, পরিবেশ ও সামগ্রিক প্রেক্ষাপট কোনোভাবেই শিশু পর্নোগ্রাফির সংজ্ঞার আওতায় আসে না।”
বিচারক আরও উল্লেখ করেন যে, শিশুর নগ্নতা এককভাবে কোনো চিত্রকে অপরাধ হিসেবে গণ্য করতে পারে না—এর সাথে অবশ্যই যৌন উত্তেজক উপাদান সংযুক্ত থাকতে হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, “এটি অনেকটা পরিবারের শিশুর গোসলের ছবির মতো, যা স্পষ্টতই অশ্লীল নয়।”
সিদ্ধান্তে আরও বলা হয়, ছবিটি তোলার সময় শিশুর বাবা-মা উপস্থিত ছিলেন, চিত্রগ্রাহক ছিলেন পরিবারের বন্ধু, এবং পরবর্তী সময়ে এলডেন নিজেও ঐ প্রচ্ছদকে গ্রহণ করেছেন এবং এর থেকে আর্থিক সুবিধা পেয়েছেন।
নিরভানার আইনি পরামর্শদাতারা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাদের বিবৃতি, “এই ভিত্তিহীন আইনি অভিযোগ খারিজ হওয়ায় আমাদের সৃজনশীল মক্কেলরা অবশেষে মিথ্যা অভিযোগের অপবাদ থেকে মুক্তি পেলেন।”
তবে এলডেনের পক্ষের আইনজীবী জেমস আর মার্শ বলেছেন, তাঁরা রায়ের সঙ্গে “সম্মানের সঙ্গে ভিন্নমত” পোষণ করছেন এবং উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর কথায়, “যতদিন পর্যন্ত বিনোদন শিল্প শিশুর গোপনীয়তা, সম্মতি এবং মর্যাদার ঊর্ধ্বে মুনাফাকে প্রাধান্য দেবে, আমরা সচেতনতা এবং জবাবদিহিতার জন্য সংগ্রাম চালিয়ে যাব।”
উল্লেখ্য, রোলিং স্টোন ম্যাগাজিনের ২০২৩ সালের তালিকায় ‘নেভারমাইন্ড’ অ্যালবামটি সর্বকালের সেরা অ্যালবামের মধ্যে ষষ্ঠ স্থান দখল করেছিল।
প্রসঙ্গত, স্পেন্সার এলডেন ২০২১ সালে প্রথমবার এই মামলা দায়ের করেন। ২০২২ সালে তা সময়সীমা অতিক্রান্ত হওয়ার কারণে বাতিল হয়, পরে আবার নতুন করে মামলা করার অনুমতি পাওয়া যায়। তবে সর্বশেষ রায়ে বিচারক স্পষ্ট করে বলেন— “নগ্নতা ছাড়া ছবিটিতে এমন কোনো বিষয়বস্তু নেই যা শিশুর প্রতি যৌন আচরণের ইঙ্গিত দেয়।”
খবরওয়ালা/টিএসএন