যুক্তরাষ্ট্রে ১৭ বছর বয়সেই পাইলট হলেন বাংলাদেশি কিশোর মাহির

যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি হিসেবে প্রাইভেট পাইলট সার্টিফিকেট অর্জন করেছেন ১৭ বছর বয়সী কিশোর আহনাফ আবিদ মাহির। লস অ্যাঞ্জেলেসে দীর্ঘ প্রশিক্ষণের পর স্থানীয় সময় রবিবার (৫ অক্টোবর) চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি বিমান চালানোর লাইসেন্স পেয়েছেন।

আকাশে ডানা মেলার স্বপ্ন ছিল মাহিরের। এই স্বপ্ন পূরণের জন্য ১৬ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসের একটি ফ্লাইং ট্রেনিং সেন্টারে ভর্তি করেন বাবা মইনুল হক ও মা আয়শা রুমা।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এর নিয়ম অনুযায়ী, ১৬ বছর বয়স পূর্ণ হওয়ার পর মাহির প্রশিক্ষণ শুরু করেন। এক বছরেরও বেশি সময় ধরে অসংখ্যবার বিমান নিয়ে নীল আকাশের সাদা মেঘের মাঝে ভেসে আবার মাটিতে নামেন।

অবশেষে ১৭ বছর বয়সে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লস অ্যাঞ্জেলেস হোয়াইটম্যান বিমানবন্দরে প্রাইভেট পাইলট সার্টিফিকেট পান মাহির। একক পাইলট হিসেবে এক ইঞ্জিন বিশিষ্ট বিমান চালানোর অনুমতি পেয়ে তিনি আনন্দিত।

ধাপে ধাপে দক্ষ পাইলট হয়ে মাহিরের লক্ষ্য বাণিজ্যিক বিমানসহ বিশ্বখ্যাত এয়ারলাইন্সের বিমান চালানো। পাইলট হিসেবে স্বীকৃতি পাওয়ার পর মাহির বলেন, ‘সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে পাইলট হতে সাহায্য করেছেন। বিশেষ করে আমার বাবা-মা অনেক পরিশ্রম করেছেন।’

মাহিরের বাবা বলেন, ‘আমার ছোটবেলায় পাইলট হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু সেটা পূরণ হয়নি। আমার ছেলে ১৭ বছর বয়সেই সেই স্বপ্ন বাস্তবায়ন করল। আল্লাহর কাছে এজন্য কৃতজ্ঞ।’

ফ্লাইট ইনস্ট্রাক্টর ইলিয়াস খান বলেন, ‘মাহিরের মধ্যে যে দক্ষতা গড়ে উঠেছে তা অসাধারণ। ও এটি বিশ্বের যে কোনো জায়গায় প্রমাণ করতে পারবে।’

খবরওয়ালা/টিএসএন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।