টাকা তুলতে না পেরে ব্যাংকে তালা ঝুলিয়ে দিলেন গ্রাহক

ছেলেকে বিদেশে পাঠানোর জন্য ব্যাংকে গচ্ছিত টাকা তুলতে না পেরে ক্ষুব্ধ হয়ে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ভেতরে রেখে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এক গ্রাহক।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এক্সিম ব্যাংক শাখায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

ভুক্তভোগী গ্রাহক আব্দুস ছালিক (৪৫) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানি গ্রামের বাসিন্দা।

গ্রাহক ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানি গ্রামে আব্দুস ছালিক তাঁর স্ত্রী স্বপ্না বেগমের নামে দুই বছর আগে এক্সিম ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব খুলে লেনদেন করেন। অ্যাকাউন্টে যুক্তরাজ্য থেকে আব্দুস ছালিকের ভাই ১০ লাখ ২৫ হাজার টাকা পাঠান। ওই টাকা তুলে আব্দুস ছালিকের ছেলেকে বিদেশে পাঠানোর কথা।

বুধবার ব্যাংকে গিয়ে সারা দিন কাকুতি-মিনতি করেও টাকা তুলতে না পেরে ক্ষুব্ধ হয়ে আব্দুস ছালিক বিকেলে ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীদের ভেতরে রেখে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় কয়েকজনের মধ্যস্থতায় সন্ধ্যা ৬টার দিকে তিনি তালা খুলে দেন।

জানতে চাইলে আব্দুস ছালিক বলেন, ‘আমার ছেলেকে গ্রিস পাঠানোর জন্য সব প্রস্তুতি শেষ। ১৮ অক্টোবর তাঁর ফ্লাইট। টাকা জমা না দিলে আমার ছেলের প্রবাসযাত্রা অনিশ্চিত হয়ে যাবে। বিদেশের জন্য দেওয়া টাকাও ফেরত পাব না। আমার মরণ ছাড়া আর কোনো পথ নেই। তাই এ কাজ করেছি।’

এ বিষয়ে এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক রেজাউর রফিক বলেন, ‘বিষয়টি জাতীয় সমস্যা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশে পাঁচটি ব্যাংকের সমস্যা সমাধানের প্রক্রিয়া চলছে। একজন গ্রাহক টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে তালা দিয়েছেন। পরে আমরা তাঁকে বুঝিয়ে বাড়ি পাঠিয়েছি।’

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রিফাত সিকদার বলেন, ‘খবর পেয়ে ব্যাংকে গিয়ে জানতে পারি, ভুক্তভোগী গ্রাহককে বুঝিয়ে তালা খোলা হয়েছে। তিনি বাড়ি চলে গেছেন।’

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।