ছাত্র্রদলের নাছিরকে চাষের জন্য ২ বিঘা জমি আর ৪টা গরু দিতে চান চবির বহিষ্কৃত নেতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের বহিষ্কৃত সিনিয়র সহসভাপতি মো. মামুন উর রশিদ মামুনের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দেওয়া ওই পোস্টে তিনি দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে নিয়ে তীব্র কটাক্ষ করেন।

পোস্টে মামুন লেখেন, ‘সততার সঙ্গে দায়িত্ব পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ২০২৫-এ সুন্দর প্যানেল দিয়ে ছাত্রদলের বিজয় নির্বাচনের আগে নিশ্চিত করায়, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবকের প্রতি আবেদন করছি— নাছির উদ্দীন নাছিরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হিসেবে (শূন্য) পদে মনোনীত করার।’

এরপর তিনি আরও লেখেন, ‘ডাকসু ও জাকসু হাওয়ার পরও কেমনে এই পদে থাকেন তিনি? আমি যদি ছাত্র বিষয়ক সম্পাদক হইতাম, নিজে পদত্যাগ করতাম এবং নাছির উদ্দীন নাছিরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২ বিঘা জমি লিজ নিয়ে জোবরার জমিদার থেকে ৪টা গরু কিনে চাষ করতে দিতাম।’

তার এই মন্তব্যকে অনেকেই দলের নেতৃত্বের প্রতি ‘অশ্রদ্ধাজনক’ ও ‘ব্যঙ্গাত্মক’ হিসেবে আখ্যা দিয়েছেন।

বিতর্কিত পোস্ট নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে মামুন বলেন, ‘নাছির উদ্দীন চাকসু নির্বাচনে একপেশে প্যানেল দিয়েছে। বুঝতে পেরেছে ছাত্রদল এখানে হারবে, তাই নিজের ব্যর্থতা ঢাকতে আমাকে মিথ্যা অভিযোগে বহিষ্কার করেছে। চাকসু নির্বাচন মনিটরিং কমিটিতে আমার অনুসারীদের কাউকেই রাখা হয়নি, বরং সেখানে অনেক ছাত্রলীগের কর্মী ও অছাত্রদের রাখা হয়েছে। এই ক্ষোভ থেকেই আমি ফেসবুকে পোস্টটি দিয়েছি।’

এ বিষয়ে চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন সংক্ষেপে বলেন, ‘চবিতে আরও অনেক বিষয় আছে, এগুলো নিয়েই খবর করুন।’

উল্লেখ্য, গত ১২ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে মামুন উর রশিদ মামুনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজীবনের জন্য বহিষ্কার করে। অভিযোগে বলা হয়, তিনি সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।