খবরওয়ালা বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
ভারতে আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সফর ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রাষ্ট্রীয় আমন্ত্রণে দিল্লি সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একাধিক বৈঠক করেন মুত্তাকি। এরপর উত্তরপ্রদেশে তাকে দেওয়া হয় জমকালো সংবর্ধনা—যা নিয়ে দেশজুড়ে উঠেছে সমালোচনার ঝড়।
এই ঘটনার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘তালেবান প্রতিনিধিকে যে সম্মান ও সংবর্ধনা দেওয়া হচ্ছে তা আমার কাছে গভীর উদ্বেগের বিষয়। বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী গোষ্ঠীর একজন সদস্যকে সম্মান জানানো আমাদের সমাজের মূল্যবোধ কীভাবে বদলে যাচ্ছে, সেটিরই উদাহরণ এটি। লজ্জায় আমার মাথা নিচু হয়ে যাচ্ছে।’
তার পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। বহু মানুষ জাভেদের সঙ্গে একমত প্রকাশ করেন, আবার অনেকে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।
জাভেদ আখতার আরও লেখেন, ‘যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠানটি সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিল, তারাই আজ এই ইসলামিক বীরকে স্বাগত জানাচ্ছে! যে ব্যক্তি মেয়েদের শিক্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছিলেন তাকেই সম্মানিত করা হচ্ছে। বাহ! ধিক্কার! এরপরও কি আমরা প্রশ্ন করব না, আমাদের সঙ্গে আসলে কী ঘটছে?’
এর আগে আমির খান মুত্তাকি ও এস জয়শঙ্করের বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এ নিয়েও দেশজুড়ে সমালোচনা শুরু হয়। বিরোধী দলগুলোর অভিযোগ, মোদি সরকার নারীদের মর্যাদাহানি ঘটিয়েছে।
তবে সরকারি পক্ষ থেকে জানানো হয়, নারী সাংবাদিকদের নিষেধাজ্ঞা ভারতের নয়, আফগান পক্ষের অনুরোধে দেওয়া হয়েছিল।
তবু এখন ভারতে প্রশ্ন একটাই—‘তালেবানকে সংবর্ধনা দিয়ে ঠিক কী বার্তা দিচ্ছে ভারত?’
খবরওয়ালা/এন