অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫
রাঙামাটির বরকল উপজেলার কাপ্তাই হ্রদের তীরে ভাসছে একটি হস্তিশাবকের মৃতদেহ। শাবকটির পাশে অবস্থান করছে তার মা-সহ হাতির একটি পাল। মৃত শাবকটিকে পাহারা দিচ্ছে হাতিরা। বন বিভাগের কর্মীরা মৃতদেহটি উদ্ধারের চেষ্টা করলেই ক্ষিপ্ত হয়ে তেড়ে আসছে হাতির পাল। ঘটনাটি ঘটেছে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের বরুণাছড়ি এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল মঙ্গলবার সকালে তারা প্রথম কাপ্তাই হ্রদের কিনারায় মৃত হস্তিশাবকটিকে দেখতে পান। পরে বিষয়টি দ্রুত বন বিভাগকে জানানো হয়। খবর পেয়ে প্রাণিসম্পদ ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেন।
তবে হাতির পাল মৃত শাবকটির চারপাশে অবস্থান নিয়ে পাহারা দেওয়ায় উদ্ধার কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। আজ বুধবার বেলা আড়াইটা পর্যন্তও মৃত হস্তিশাবকটি উদ্ধারের কোনো উদ্যোগ সফল হয়নি। হাতিরা এলাকায় ঘোরাফেরা করছে এবং মাঝে মাঝে হ্রদের ধারে নেমে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বন বিভাগের কর্মকর্তারা জানান, হালকা গোলাপি রঙের হস্তিশাবকটির বয়স প্রায় ৯ মাস। এটি এশিয়ান প্রজাতির হাতি। মৃত শাবকটিকে হ্রদের তীরে ভাসমান অবস্থায় দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কয়েক দিন আগে মারা গেছে এবং পানির স্রোতে হ্রদের তীরে এসে আটকে গেছে।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সুবলং রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমান বলেন, “মৃত হস্তিশাবকটি উদ্ধার করতে গতকাল থেকে চেষ্টা করা হচ্ছে। তবে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। হাতির পালটি তাড়িয়ে শাবকটি উদ্ধার করলে এলাকার মানুষের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে হাতির পালটি তাড়ানোর চেষ্টা না করে অপেক্ষা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, মৃত হাতিটির ময়নাতদন্ত করা হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বর্তমানে ঘটনাস্থলের আশপাশে স্থানীয়দের নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বন বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং হাতির পালটি সরে গেলে উদ্ধার ও ময়নাতদন্ত কার্যক্রম শুরু করা হবে।