খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
বরগুনার আমতলীতে যৌতুক দিতে অস্বীকৃতি জানানোয় শাহিনুর বেগম (৪০) নামে এক গৃহবধূকে বেধড়ক পিটিয়েছে এমন অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ছোট নীলগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে পুলিশ তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত শাহিনুর বেগম ওই গ্রামের কালু হাওলাদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, আট দিন আগে কালু হাওলাদার জমি কিনতে স্ত্রী শাহিনুরের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার বিকেলে স্বামী কালু, ননদ রেবেকা বেগম ও ননদের স্বামী হানিফ মুসল্লি মিলে তাঁকে মারধর করেন। এ সময় তাঁর চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ঘরে আটকে রাখা হয়। পরে স্বজনরা খবর দিলে পুলিশ গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়।
শাহিনুরের বাবা হানিফ হাওলাদার বলেন, “আমার মেয়ের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করা হয়। টাকা না দেওয়ায় তাকে পিটিয়ে ঘরে আটকে রাখা হয়। আমি জড়িতদের শাস্তি দাবি করছি।”
তবে যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করে স্বামী কালু হাওলাদার বলেন, “পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে কয়েকটি থাপ্পড় দিয়েছি।”
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিনহাজ উদ্দিন ভূঁইয়া জানান, শাহিনুরের চোখে মরিচের গুঁড়োর প্রভাবে সমস্যা হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাঁকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
খবরওয়ালা/আশ