খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 17শে কার্তিক ১৪৩২ | ১ই নভেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
দীর্ঘ ১৪ বছরের প্রতীক্ষার পর অবশেষে খুলনায় চালু হলো আধুনিক নতুন জেলা কারাগার। শনিবার (১ নভেম্বর) সকালে ১০০ বন্দিকে নিয়ে আনুষ্ঠানিকভাবে এ কারাগারের কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা কারাগারের জেল সুপার প্রধান নাসির উদ্দিন।
বেলা সাড়ে ১১টার দিকে পুরাতন কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে বন্দিদের নতুন কারাগারে স্থানান্তর করা হয়। সেখানে কারা কর্তৃপক্ষ তাদের ফুল দিয়ে স্বাগত জানান।
জানা গেছে, সকাল ১০টা থেকে পুরাতন জেলা কারাগার থেকে কয়েদিদের স্থানান্তর শুরু হয়। পর্যায়ক্রমে জেলার ৯টি উপজেলার কয়েদি ও হাজতিদের নতুন কারাগারে রাখা হবে। পুরাতন কারাগারে থাকবেন খুলনা মেট্রোপলিটন এলাকার বন্দিরা।
জেল সুপার প্রধান নাসির উদ্দিন বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর ১০০ কয়েদি দিয়ে নতুন কারাগারের যাত্রা শুরু হলো। এর আগে গত ২৫ অক্টোবর কারা অধিদপ্তরের বোর্ড সভায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হলেও, সদর দপ্তরের অনুমোদন অনুযায়ী আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলো।”
উল্লেখ্য, ভৈরব নদীর তীরে অবস্থিত পুরাতন জেলখানা ঘাটের কারাগারটি খুলনা মহানগর কারাগার হিসেবেই চালু থাকবে। ১৯১২ সালে নির্মিত ওই পুরাতন কারাগারের ধারণক্ষমতা মাত্র ৬৭৮ জন।
নতুন জেলা কারাগারটি খুলনা শহরের বাইপাস সড়কে জিরো পয়েন্টের কাছে ৩০ একর জমিতে ২৮৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। এতে মোট ৫২টি স্থাপনা রয়েছে এবং একসঙ্গে ৪ হাজার বন্দি রাখার সুযোগ রয়েছে।
এই কারাগারকে একটি আধুনিক সংশোধনাগার হিসেবে নকশা করা হয়েছে। এখানে বিচারাধীন ও দণ্ডপ্রাপ্ত বন্দিদের জন্য পৃথক ইউনিট ছাড়াও কিশোর ও নারী বন্দিদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।
এ ছাড়া নতুন কারাগারে রয়েছে ৫০ শয্যার হাসপাতাল, ওয়ার্কশপ, পাঠাগার, কারারক্ষীদের সন্তানদের জন্য বিদ্যালয়, ডে-কেয়ার সেন্টার এবং নারী বন্দিদের সন্তানসহ থাকার জন্য বিনোদনকেন্দ্রও।