কখনো মারাত্মক অর্থকষ্টে ভুগেছিলেন যে মানুষটি, আজ তার নামেই কাঁপে বলিউড। কোটি টাকার মালিক, দুবাইয়ের আইল্যান্ড থেকে লন্ডনের রাজপ্রাসাদ—সবখানেই এখন তার রাজত্ব। তিনি শাহরুখ খান। তবে তার এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা, যা স্মৃতিচারণ করলেন অভিনেতা ও চিত্রনাট্যকার বিবেক ভাসওয়ানি।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিবেক জানান, নব্বইয়ের দশকের সময়কার একটি ঘটনা এটি। তখন শাহরুখ খান টিভিতে অল্প কিছু কাজ করছিলেন, কিন্তু সিনেমায় সুযোগ তখনও আসেনি। ঠিক সেই সময় শাহরুখের মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একদিন হঠাৎ বিবেকের ঘরের দরজায় কড়া নাড়েন শাহরুখ। টিভি কাজের সূত্রে তাদের পরিচয় ছিল, আর সেই বন্ধুত্বের কারণেই শাহরুখ সেদিন তার কাছে যান। ভেঙে পড়া কণ্ঠে শাহরুখ বলেন, ‘মা আর বাঁচবে না। দিদিকে নিয়ে ভেসে যাব। দুদিন ধরে কিছু খেতে পাইনি। কিছু টাকা খুব দরকার। আমাকে একটা সিনেমায় সুযোগ করে দাও।’
বিবেক আরও বলেন, তখন আজিজ মির্জা ‘রাজু বান গয়া জেন্টলম্যান’ ছবির চিত্রনাট্য লিখছিলেন। শাহরুখের সঙ্গে তার মিটিংয়ের ব্যবস্থা করা হয়, আর সেখান থেকেই শাহরুখের বলিউড যাত্রা শুরু। যদিও দিব্যা ভারতী ও ঋষি কাপুরের সঙ্গে করা ‘দিওয়ানা’ ছবিটিই প্রথম মুক্তি পায় এবং শাহরুখকে পরিচিতি এনে দেয়।
বিবেকের মতে, শাহরুখের ভেতরে ছিল অদ্ভুত এক জেদ ও সাফল্যের ক্ষুধা। সফল হতে তিনি ছিলেন পরিশ্রমী ও দৃঢ়প্রতিজ্ঞ। আর সেই কারণেই আজ তিনি বলিউডের বাদশা। শাহরুখ সাফল্য পাননি—তিনি তা অর্জন করেছেন।
উল্লেখ্য, আজ শাহরুখ খানের ৬০তম জন্মদিন। অনুরাগীদের মধ্যে তার জন্মদিন নিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জানা গেছে, এবার তিনি মান্নাত নয়, বরং আলিবাগের বাংলোয় জন্মদিন উদযাপন করবেন।
খবরওয়ালা/টিএসএন



