খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর ২০২৫
অনুদানভুক্ত ইবতেদায়ি মাদ্রাসাগুলোর জাতীয়করণ প্রক্রিয়া সোমবার (৩ নভেম্বর) এর মধ্যেই শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (২ নভেম্বর) টানা ২১তম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। দুপুরে তারা যমুনার দিকে লংমার্চ শুরু করলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। পরে বিকেলে শিক্ষক নেতাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে শিক্ষক নেতারা জানান, শিক্ষা মন্ত্রণালয় তাদের জানিয়েছে—অনুদানভুক্ত ইবতেদায়ি মাদ্রাসাগুলোর জাতীয়করণের প্রক্রিয়া সোমবারের মধ্যেই শুরু হবে।
তবে এই ঘোষণায় সন্তুষ্ট নন অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা। তাদের দাবি, অনুদানভুক্ত ও অনুদানবিহীন—উভয় ধরনের ইবতেদায়ি মাদ্রাসাকে একযোগে জাতীয়করণের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চলবে।
গত ১২ অক্টোবর থেকে জাতীয়করণের দাবিতে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। ৩০ অক্টোবরের মধ্যে জাতীয়করণের গেজেট প্রকাশ না করা হলে ২ নভেম্বর থেকে প্রেসক্লাব থেকে যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছিলেন তারা।
এর আগের ২৯ অক্টোবর সচিবালয় অভিমুখে মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনরত শিক্ষকরা। সেদিন পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অর্ধশতাধিক শিক্ষক আহত হন, যাদের অনেকেই পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম বলেন, “পুলিশি হামলায় আহত শিক্ষকদের চিকিৎসার ব্যবস্থা ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”