জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বীমার ২৫ লাখ টাকা হাতিয়ে নিলেন স্ত্রী

ভারতে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বীমা কোম্পানির কাছ থেকে ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এক নারী। ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে।

গণমাধ্যমের খবরে বলা হয়, লখনউ পুলিশ এই প্রতারণার বিষয়টি উদ্ঘাটন করে। সন্দীপ ওয়াদকুর নামে এক ব্যক্তি ওই দম্পতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, রবি শঙ্কর নামে এক ব্যক্তি ২০১২ সালের ডিসেম্বরে ২৫ লাখ টাকার একটি বীমা করেছিলেন। ২০২৩ সালের ২১ এপ্রিল রবির স্ত্রী কেশরী কুমারী বীমা কোম্পানির কাছে দাবি করেন যে, ৯ এপ্রিল তার স্বামী মারা গেছেন। তাই স্বামীর বীমার ২৫ লাখ টাকা তিনি পেতে চান। প্রমাণস্বরূপ রবির মৃত্যুর নিবন্ধনপত্রও জমা দেন কেশরী।

তথ্য যাচাইয়ের পর তার দাবি গ্রহণ করা হয় এবং নির্ধারিত অর্থ তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তবে পরে অভ্যন্তরীণ তদন্তে জানা যায়, কেশরীর দাবি মিথ্যা এবং তার স্বামী রবি শঙ্কর জীবিত আছেন।

এরপর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর রবি শঙ্কর ও কেশরী কুমারীকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।