খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, এই মাসের ২১ নভেম্বর পর্যন্ত কোনো ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই।
ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেছেন, ২১ নভেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের প্রাথমিক চিহ্ন দেখা যাচ্ছে না। সেই সঙ্গে তিনি সম্ভাব্য বৃষ্টিপাত সম্পর্কেও তথ্য দিয়েছেন।
তিনি জানিয়েছেন, চলতি মাসের ২১ নভেম্বর পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সিলেট ও চট্টগ্রাম বিভাগে এক বা দুই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী, চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে।