খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্থাপনার ফটকে তালা দেওয়ার ঘটনায় পাঁচ নিরাপত্তা প্রহরীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বে অবহেলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ নিরাপত্তা প্রহরীকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃত নিরাপত্তা প্রহরীরা হলেন মো. শাহ আলম (আইইআর), মো. সেলিম (আইইআর), মো. সংগ্রাম হোসেন (চারুকলা অনুষদের মাঝের গেট), মো. সফিকুল ইসলাম (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান), এবং মো. আলী আহমেদ (কার্জন হলের পিছনের গেইট)।
এরা ১১ নভেম্বর রাত ১০টা থেকে ৬টা পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সেসময় প্রক্টরিয়াল সিকিউরিটি মোবাইল টিম তাদের কর্মস্থল পরিদর্শন করলে দায়িত্ব অবহেলার বিষয়টি ধরা পড়ে, যার পরিপ্রেক্ষিতে তাদের বরখাস্ত করা হয়।