ভারতের রাজধানী দিল্লিতে ফের বিস্ফোরণ ঘটেছে। এইবার বিস্ফোরণটি ঘটেছে মহিপালপুর এলাকায়, র্যাডিসন হোটেলের সামনে। স্থানীয় সময় সকাল ৯:১৮ মিনিটে দমকলের কাছে ফোন আসে।
তত্ক্ষণাত তিনটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দিল্লি পুলিশের একটি দলও বিস্ফোরণের স্থান পৌঁছেছে এবং উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।
বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা, বিশেষত সোমবারের ঘটনায় যাঁরা ইতিমধ্যেই সন্ত্রস্ত ছিলেন। তবে সূত্রের খবর অনুযায়ী, বিস্ফোরণের স্থানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি এবং পরিস্থিতি এখন স্বাভাবিক। উদ্বেগের কোনো কারণ নেই, তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
এটি ঘটেছে সোমবার, ১০ নভেম্বর, দিল্লির লালকেল্লার কাছাকাছি আত্মঘাতী হামলার পর। সেই বিস্ফোরণের কারণে ১২ জনের মৃত্যু হয়েছিল এবং ৩০ জন গুরুতর আহত হয়। পুলিশ সূত্র জানায়, বিস্ফোরণের আগে, লালকেল্লার সামনে একটি আই-২০ মডেলের গাড়িটি তিন ঘণ্টা দাঁড়িয়ে ছিল। ওই গাড়ির ভেতরে ছিলেন পুলওয়ামার বাসিন্দা চিকিৎসক উমর নবি, যিনি আত্মঘাতী বিস্ফোরণটি ঘটিয়েছিলেন।



