ধানমণ্ডিতে মারধরের শিকার নারী জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

রাজধানীর ধানমণ্ডিতে মারধরের পর আটক সালমা ইসলামকে জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালত কারাগারে পাঠিয়েছেন। গতকাল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন।

সালমাকে আদালতে হাজির করা হলে ধানমণ্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার মিয়া জানান, ইউরোপিয়ান ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র আবু সাইদ মু. সাইমের হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।

সালমা ইসলামের পক্ষে তার আইনজীবী আবুল হোসাইন পাটোয়ারী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১:৩০টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের সময় সালমা ইসলাম মারধরের শিকার হন। তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই সকাল পৌনে ১১টার দিকে ধানমণ্ডি থানার সাতমসজিদ রোডে অনুষ্ঠিত মিছিলে অংশ নেন সাইদ। সেখানে তিনি পিঠে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ১ ডিসেম্বর ধানমণ্ডি মডেল থানায় মামলা করা হয়।

গ্রেপ্তারের পর ‘আম জনতার দল’-এর সদস্যসচিব মো. তারেক রহমান ফেসবুকে লিখেছেন, ‘মব করে নিপীড়নের শিকার নারীকে জুলাই হত্যাচেষ্টা মামলার আসামি দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, স্যারদের নির্দেশে তাকে এই মামলায় আসামি করা হয়েছে। নথি দেখে জানা গেছে, মহিলার নাম পূর্বে এই মামলায় ছিল না। মব সৃষ্টি করে মারধর করার পর পুলিশ তাকে জুলাই হত্যাচেষ্টা মামলায় আটক দেখিয়েছে।’

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।