খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, অভ্যুত্থানের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ খুবই ভঙ্গুর অবস্থায় ছিল। বহু প্রচেষ্টা, কষ্ট এবং সবার সহযোগিতায় পুলিশ সদস্যরা তাদের মনোবল ফিরে পেয়েছেন। এখন এই মনোবল ভাঙার চেষ্টা না করার জন্য তিনি অনুরোধ জানান।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, গত রাতেই আমার একজন অফিসারকে ককটেল মেরে আহত করা হয়েছে। আপনারা অনুগ্রহ করে এ ঘটনার সংবাদ প্রকাশ করবেন। নির্দোষ সেই অফিসার থানার সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন, তাকে এভাবে ককটেল মেরে আহত করা হয়েছে। এতে আমাদের অফিসারদের মনোবল ক্ষুণ্ন হয়, যার পরিণতিতে সবাই ক্ষতির মুখে পড়তে পারে। দুর্বৃত্তায়িত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কমিশনার বলেন, এসব অবস্থা চলতে থাকলে জনগণকেই নিজেদের ঘরবাড়ি পাহারা দিতে হবে।
তিনি আরও বলেন, ১৬ নভেম্বর একটি বেতার বার্তায় ককটেল নিক্ষেপ বা গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করলে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। নাশকতা সংঘটিত হলে গুলি করার বিধান পুলিশ আইনেই রয়েছে। ককটেল ছুড়ে নাশকতা হলে আইন কঠোরভাবে প্রয়োগের নির্দেশ রয়েছে।
ডিএমপি কমিশনার আরও বলেন, পুলিশ যখন অরাজকতা ঠেকানোর চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তিনি অনুরোধ করেন, পুলিশ সদস্যদের সঙ্গে এমন আচরণ না করতে।
খবরওয়ালা/টিএসএন