খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া শাখা গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে। রবিবার (২৩ নভেম্বর) গভীর রাতে পেট্রোল ঢেলে ডিজিটাল সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিষয়টি সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান নিশ্চিত করেছেন।
এ ঘটনায় একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তরা ব্যাংক শাখার সীমানা প্রাচীরের ওপরে থাকা ডিজিটাল সাইনবোর্ডে পেট্রোল ঢেলে মুহূর্তের মধ্যেই আগুন লাগিয়ে দেয়।
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ব্যাংকের বাইরে রাস্তার পাশে সীমানা প্রাচীরের ওপর স্থাপিত ডিজিটাল সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে। সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কেউ এমনটি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। আনুমানিক রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। তবে কারা এ কাজটি করেছে তা এখনো স্পষ্ট নয়। ব্যাংকের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
খবরওয়ালা /এসএস