আমিরাতের প্রথম সম্পূর্ণ বিদ্যুৎচালিত হাইব্রিড কার্গো বিমান উদ্বোধন

নিজেদের তৈরি প্রথম হাইব্রিড কার্গো বিমান উদ্বোধন করেছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আবুধাবিতে বিমানটির উদ্বোধন করেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

আমিরাতভিত্তিক কোম্পানি লুদ অটোনোমাসের তৈরি এই কার্গো বিমানের নাম দেওয়া হয়েছে ‘হেলি’। বিমানটিকে হাইব্রিড বলা হচ্ছে কারণ এটি সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান।

সংবাদমাধ্যম গালফ নিউজকে লুদ অটোনোমাসের প্রধান নির্বাহী কর্মকর্তা মাতার আল মান্নায়েই জানান, সম্পূর্ণ চার্জে হেলি সর্বোচ্চ ২৫০ কেজি মাল নিয়ে একটানা ৭০০ কিলোমিটার পথ উড়তে সক্ষম।

তিনি আরও জানান, দুর্গম এলাকা বা যেখানে বিমান উড্ডয়ন–অবতরণের অবকাঠামো সীমিত— এমন স্থানে পৌঁছাতে জ্বালানি তেলচালিত কার্গো বিমানের চেয়ে হেলি অনেক বেশি দক্ষ।

গালফ নিউজকে তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এমন একটি বৈদ্যুতিক বিমান তৈরি করা, যা দীর্ঘপথ একটানা উড়তে পারে। কারণ বৈদ্যুতিক যানবাহনে ব্যবহৃত ব্যাটারির চার্জ নির্দিষ্ট সময় পর শেষ হয়ে যায়। আর যাত্রাপথে চার্জ শেষ হয়ে গেলে সেটি রিচার্জ করার জায়গা নাও পাওয়া যেতে পারে।’

তিনি যোগ করেন, ‘এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা হেলির প্রপেলার বিশেষভাবে তৈরি করেছি, যাতে চলাচল আরও সহজ ও দ্রুত হয়। পাশাপাশি হেলিতে একটি জেনারেটর রয়েছে, যা ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলে সক্রিয় হবে। ফলে কোনো বিঘ্ন ছাড়াই দীর্ঘ পথ অতিক্রম করতে পারবে হেলি।’

মাতার আল মান্নেই বলেন, ‘বর্তমানে পুরো বিশ্ব যখন বৈদ্যুতিক যানবাহনের দিকে ঝুঁকছে— এই দৃষ্টিকোণ থেকে হেলি একটি উল্লেখযোগ্য মাইলফলক।’

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।