আর্জেন্টিনার মাটিতে মেসির আবেগঘেরা শেষ ম্যাচ কাল

বহুবারই আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি। তবে এবারের ফেরা যেন অন্যরকম। আবেগে ভরা এই প্রত্যাবর্তন শুধু ভক্তদেরই নয়, স্বয়ং মেসিকেও স্পর্শ করেছে গভীরভাবে।

আগামীকাল ভোরে বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে হয়তো শেষবারের মতো ঘরের মাঠে নামবেন তিনি। ঘোষণার পর থেকেই সমর্থকদের মধ্যে দারুণ উচ্ছ্বাস। মেসি নিজেও বলছেন, ‘এই ম্যাচটা আমার জন্য খুব, খুব বিশেষ। কারণ এটা আর্জেন্টিনায় বাছাইপর্বের শেষ ম্যাচ।’

২০০৫ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় মেসির। প্রায় দুই দশকের যাত্রায় অর্জন করেছেন ১৯৩ ম্যাচে ১১২ গোল, দুটি কোপা আমেরিকা, একটি বিশ্বকাপ ও অলিম্পিক স্বর্ণপদক। আর্জেন্টাইন ফুটবলে ডিয়েগো ম্যারাডোনার পর সবচেয়ে উজ্জ্বল অধ্যায় তিনি নিজ হাতে লিখেছেন।

শুক্রবারের ম্যাচে পরিবারকে গ্যালারিতে রাখবেন বলেও জানিয়েছেন মেসি। স্ত্রী, সন্তান, মা–বাবা ও ভাই–বোন সবাই থাকবেন তাঁর সঙ্গে। “আমরা একসঙ্গে উপভোগ করব। এরপর কী হবে জানি না,” যোগ করলেন মেসি।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘যতদিন মেসি খেলবেন, ততদিন তাঁকে উপভোগ করতে হবে। ভবিষ্যতে কী হবে সেটা তখনই দেখা যাবে। তবে এখনো সেই সময় আসেনি।’

ইতিমধ্যে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে। একই দিন ব্রাজিলও নামবে চিলির বিপক্ষে। জয় পেলে নিশ্চিত হবে সেলেসাওদের বিশ্বকাপও।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।