গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের চৌধুরী ঘাট এলাকায় মাটিকাটা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ আবারও ভেঙে পড়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে ব্রিজের পাটাতন ভেঙে একটি স্লিপার নদীতে পড়ে যায়। এতে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে জৈনা বাজার–কাওরাইদ সড়ক বন্ধ হয়ে শত শত যানবাহন আটকা পড়ে।
এ নিয়ে ২৮তম বারের মতো ভাঙল ব্রিজটি। আগে ২৭ বার ভাঙলেও প্রতিবার জোড়াতালি দিয়ে মেরামত করে চলাচলের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এবার সড়ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন শত শত কারখানার শ্রমিকসহ সাধারণ যাত্রীরা।
স্থানীয়রা জানান, ভোর থেকে যাত্রীরা ঝুঁকি নিয়ে হেঁটে ব্রিজ পার হচ্ছেন। ছোট ছোট পরিবহণ বিকল্প পথে ১৫ কিলোমিটার ঘুরে যাতায়াত করছে। আটকা পড়েছে অসংখ্য বাস। এই সড়ক দিয়েই শ্রীপুর ছাড়াও পার্শ্ববর্তী গফরগাঁও ও ভালুকা উপজেলার হাজার হাজার মানুষ যাতায়াত করেন।
স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন বলেন, ‘রাতের কোনো এক সময় ব্রিজের দুটি স্লিপার ভেঙে পড়ে। একটি নদীতে পড়ে গেছে। সকাল থেকে শত শত গাড়ি আটকা পড়েছে। আমরা ঝুঁকি নিয়ে হেঁটে পার হচ্ছি। এ ব্রিজ আর কতবার ভাঙলে স্থায়ী সমাধান হবে?’
কাওরাইদ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাহবুবুল আলম বলেন, প্রতিদিন হাজারো মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন। আগেও বহুবার ভেঙেছে, এবার পুরোপুরি ভেঙে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।
শ্রীপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. তাওহীদ আহমেদ জানিয়েছেন, দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। ব্রিজ মেরামত করে যান চলাচল সচল করা হবে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, নদীর ওপর নতুন ব্রিজ নির্মাণের সব কার্যক্রম সম্পন্ন থাকলেও জমি অধিগ্রহণ জটিলতায় কাজ শুরু করা যায়নি। তবে দ্রুত সময়ের মধ্যে নতুন ব্রিজের কাজ শুরু করা হবে।
খবরওয়ালা/এন



