চীনের সাবেক কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী তাং রেনজিয়ানকে ঘুষ নেওয়ার দায়ে মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন একটি আদালত। দেশটির জিলিন প্রদেশের আদালত রবিবার এই রায় ঘোষণা করেছে, জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া।
শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন সরকারি পদে থাকা সময় তাং নগদ অর্থ ও অন্যান্য সম্পদসহ মোট ২৬ কোটি ৮০ লাখ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ কোটি ৬০ লাখ টাকা) ঘুষ নিয়েছেন।
যদিও তাং অপরাধ স্বীকার করেছেন, চাংচুন মধ্যবর্তী গণআদালত তার মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত করেছে।
তদন্তের ছয় মাস পর এবং পদ থেকে অপসারণের কয়েক দিন পরই, গত নভেম্বর তাংকে চীনা কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়।
বিশেষভাবে উল্লেখ্য, তাংয়ের বিরুদ্ধে তদন্ত অস্বাভাবিকভাবে দ্রুত সম্পন্ন হয় এবং এটি প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফু ও তার পূর্বসূরি ওয়েই ফেংহের বিরুদ্ধে হওয়া অনুরূপ তদন্তের সঙ্গে মিল রেখে পরিচালিত হয়।
২০২০ সালে প্রেসিডেন্ট শি চিনপিং চীনের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোতে শুদ্ধি অভিযান শুরু করেন। এর উদ্দেশ্য ছিল পুলিশ, প্রসিকিউটর ও বিচারকদের ‘সম্পূর্ণ অনুগত, সম্পূর্ণ নির্মল ও সম্পূর্ণ নির্ভরযোগ্য’ করে তোলা।
সরকারি জীবনী অনুযায়ী, তাং ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের গভর্নর ছিলেন। এরপর তাকে কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী পদে নিয়োগ করা হয়।
চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট শি বলেছেন, দুর্নীতিই কমিউনিস্ট পার্টির জন্য সবচেয়ে বড় হুমকি এবং তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
খবরওয়ালা/শরিফ



