ঢাকার আকাশে তীব্র ঝাঁকুনিতে হাত ভাঙল বিমানের কেবিন ক্রুর

ঢাকার আকাশে টার্বুলেন্সের শিকার হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। মাত্র ৯ সেকেন্ড স্থায়ী সেই ঝাঁকুনিতে পড়ে গিয়ে হাত ভেঙেছেন কেবিন ক্রু শাবামা আজমী মিথিলা। আতঙ্ক ছড়িয়ে পড়লেও যাত্রীরা নিরাপদ ছিলেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার কিছু সময় পর বিমানের বিজি-১২৮ ফ্লাইটে এই ঘটনা ঘটে। বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় ফিরছিল। নিরাপদে অবতরণের পর আহত মিথিলাকে দ্রুত রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। এক্সরে পরীক্ষায় দেখা যায়, তার বাম হাতের উপরের হাড় ভেঙে আলাদা হয়ে গেছে।

সঙ্গে থাকা সহকর্মীরা জানান, সার্ভিস শেষ করে তিনি উড়োজাহাজের পেছনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তীব্র ঝাঁকুনিতে তিনি গ্যালির মেঝেতে পড়ে যান। তবে ছুটির দিনে পঙ্গু হাসপাতালে জরুরি অস্ত্রোপচার সম্ভব না হওয়ায় আপাতত হাতে প্লাস্টার করা হয়েছে।

ফ্লাইটটির পাইলট ছিলেন ক্যাপ্টেন ইন্তেখাব হোসাইন, বিমানের ডেপুটি চিফ অব ফ্লাইট সেফটি। ফ্লাইট পার্সার রনি দায়িত্বে ছিলেন ইনচার্জ হিসেবে।

এদিকে দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স না পাওয়া, ছুটির কারণে বিমান মেডিকেল সেন্টার বন্ধ থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অন্যান্য কেবিন ক্রুরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, আহত মিথিলাকে সরাসরি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিমান মেডিকেল সেন্টারের কর্মকর্তারা ঘটনাটি জানেন না বলে দাবি করেছেন।

এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, বিপরীতমুখী বায়ুপ্রবাহের সংঘর্ষে টার্বুলেন্স সৃষ্টি হয়, যা হঠাৎ ঝাঁকুনির মতো পরিস্থিতি তৈরি করে। সিটবেল্ট না বাঁধা থাকলে যাত্রী বা ক্রুরা আহত হওয়ার ঝুঁকি থাকে।

এর আগে গত বছরের মে মাসে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভয়াবহ টার্বুলেন্সে একজন যাত্রীর মৃত্যু হয়েছিল। এবারই ঢাকার আকাশে বাংলাদেশ বিমানের ফ্লাইটে বড় ধরনের এমন দুর্ঘটনা ঘটল।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।