ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা চুরির চেষ্টা, গ্রেপ্তার ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সদ্য চালুকৃত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন (এআই) ক্যামেরা চুরির চেষ্টা চালাতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

হাইওয়ে পুলিশের মাধ্যমে জানা যায়, কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় মহাসড়কের পাশে বসানো সিসিটিভি পোল থেকে ক্যামেরা চুরির চেষ্টা চালান ফারুক (৪০) নামের এক ব্যক্তি। তিনি দাউদকান্দির স্থানীয় মালিখিল এলাকার ধানুমিয়ার ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে দেড়টার দিকে এ চুরির চেষ্টা চালানো হয়।

দাউদকান্দি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে জানান, মঙ্গলবার গভীর রাতে ফারুক মহাসড়কের রায়পুর অংশে স্থাপন করা এআই ক্যামেরার জন্য নির্ধারিত পোলে উঠছিলেন। তার এমন সন্দেহজনক তৎপরতা দেখে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক হাতেনাতে ধরে ফেলেন। কালবিলম্ব না করে তারা দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি পুলিশকে জানান। ৯৯৯ থেকে বার্তা পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফারুককে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়।

সরকারি গুরুত্বপূর্ণ সম্পত্তি বিনষ্ট ও চুরির চেষ্টার অভিযোগে ফারুকের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়। সেই মামলায় তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনূর আলম খান পুরো বিষটি নিশ্চিত করে বলেন, প্রযুক্তি নির্ভর আধুনিক সড়ক ব্যবস্থাপনা গড়ে তুলতে এসব এআই ক্যামেরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে। মহাসড়ক নিরাপদ রাখা, দ্রুত গতিতে গাড়ি চালানো নিয়ন্ত্রণ, দুর্ঘটনা রোধ এবং যেকোনো অপরাধ দমনে এই ব্যবস্থা অত্যন্ত কার্যকরী।

পুলিশ সুপার বলেন, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে স্থাপিত এই অত্যাধুনিক ক্যামেরাগুলো পুরো দেশের সম্পদ। এ জাতীয় গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদের সুরক্ষায় পুলিশ সব সময় তৎপর রয়েছে। তবে পুলিশের পাশাপাশি মহাসড়ক সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থেকে সাহায্য করার অনুরোধ জানান তিনি।

Tags :

Shakib

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর