নারী বিশ্বকাপে শেষ ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যদিও সেমিফাইনালের স্বপ্ন পূরণ হয়নি, তবুও জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। ঘরের মাঠে ভারতীয় নারীদের সঙ্গে ওয়ানডে সিরিজ ড্র করার অভিজ্ঞতা টাইগ্রেসদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে।

অন্যদিকে, সেমিফাইনাল নিশ্চিত করা ভারত চাইবে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে। রবিবার (২৬ অক্টোবর) মুম্বাইয়ের ডি-ওয়াই প্যাটেল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

নিজেদের ব্যাটিং ব্যর্থতার কারণেই স্মরণীয় একটি টুর্নামেন্ট গড়া হয়নি বাংলাদেশের। ফেরার আগে গ্রুপ পর্বে বাকি আছে আরও একটি ম্যাচ, যেখানে প্রতিপক্ষ স্বাগতিক ভারত। দুই প্রতিবেশীর লড়াই সাম্প্রতিক সময়ে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে, তাই এই ম্যাচটিতেও বাড়তি আগ্রহ রয়েছে ক্রিকেটপ্রেমীদের।

হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা আত্মবিশ্বাসী হতে পারে টাইগ্রেসরা। কারণ ঘরের মাঠে এই দলের বিপক্ষে সিরিজ ড্র করার অভিজ্ঞতা আছে তাদের। এবার প্রতিপক্ষের মাঠে হলেও, সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে জয়ের আশা করতেই পারে বাংলাদেশ।

বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ব্যাটিং। বোলাররা নিয়মিতই প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখলেও, রান রেট ধরে রাখতে ব্যর্থ হয়েছেন জ্যোতি, সুপ্তারা। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের বিপক্ষে ভালো লড়াই করেছে তারা। এমনকি শ্রীলঙ্কার বিপক্ষে হারতে হয়েছে জেতা ম্যাচ।

ভারতের বিপক্ষে জয় পেতে হলে বাংলাদেশের ব্যাটারদের স্ট্রাইক রেটে নজর দিতে হবে। অন্যদিকে, ভারত রয়েছে দুর্দান্ত ছন্দে। আগের ম্যাচে সেঞ্চুরি করেছেন স্মৃতি মান্ধানা, রান পেয়েছেন প্রতীকা রাওয়াল। জেমাইমা রদ্রিগেজ ও দেওলরা পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফর্ম করছেন।

বল হাতে দীপ্তি শর্মা, ক্রান্তি ও রেনুকারাও দারুণ ফর্মে আছেন। ঘরের মাঠের চেনা পরিবেশে এগিয়ে থাকবে ভারত। তবে প্রতিবেশী দুই দলের লড়াই বলেই ম্যাচটিতে থাকবে বাড়তি উত্তেজনা ও রোমাঞ্চ।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।