বিটিসিএল ভবনে চুরির অভিযোগ, মারধরে যুবকের মৃত্যু

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কার্যালয়ে চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মারধরের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। তবে তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় বিটিসিএলের কার্যালয়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিটিসিএল কার্যালয়ের তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) শওকত আলী জানান, সকালে তিনজন যুবক দেয়াল টপকে চুরির উদ্দেশ্যে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে দায়িত্বে থাকা আনসার সদস্য ও অফিসের কর্মীরা তাঁদের একজনকে ধরে ফেলেন। এ সময় বাকি দুজন পালিয়ে যান।

শওকত আলীর ভাষ্য অনুযায়ী, ধরা পড়ার পর ওই যুবক এক আনসার সদস্যকে আঘাত করে পালানোর চেষ্টা করেন। পরে অফিসের কর্মী ও আনসার সদস্যরা তাঁর হাত বেঁধে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ঘটনাটি নিয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যুবকের পরিচয় শনাক্তের পাশাপাশি তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এবং কারা তাঁকে মারধর করেছেন, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।

Tags :

মুরসালিন মাহমুদ তাইসিন | উপ-সম্পাদক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।