খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 25শে শ্রাবণ ১৪৩২ | ৯ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
রাজধানীর মোহাম্মদপুরে মো: নাজিম উদ্দিন নামে এক ডেলিভারি বয়কে চাপাতি ধরে ৪১ হাজার টাকা ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকা উদ্যানের ৫ নম্বর রোডের ডি ব্লকে এ ঘটনা ঘটে।
নাজিম উদ্দিন জানান, বিকালের দিকে একতা হাউজিংয়ের ৫ নম্বর রোডের মসজিদের সামনে ডেলিভারি দিয়ে ঢাকা উদ্যান ৫ নাম্বার রোডে ডি-ব্লক দিয়ে মেইন রোডের দিকে যাচ্ছিলাম। এসময় ১৪ নম্বর বাসার সামনে চাপাতিসহ তিন যুবক তার সাইকেলের গতিরোধ করে। এরপর তার কাছে থাকা ৪১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
নাজিম বলেন, আমি তাদের কাছে আমার মোবাইল ফোনটি চাইলে তারা দূর থেকে আমাকে ফোনটি দিয়ে দেয়। এরপর একটি রিকশায় করে ওই তিন যুবক চাপাতিসহ একতা হাউজিংয়ের দিকে চলে যায়। এ ঘটনায় আমার অফিসের কর্তৃপক্ষের নির্দেশে আমি মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকাল ৪টা ১০ মিনিটের দিকে সাদা পাঞ্জাবি পরা এক যুবক সাইকেল নিয়ে ঢাকা উদ্যান পাঁচ নম্বর রোডের ডি-ব্লক দিয়ে যাচ্ছিল। এ সময় তিন যুবক তার গতিরোধ করে চাপাতি ধরে তার কাছ থেকে টাকা নিয়ে একটি রিকশায় করে পালিয়ে যায়।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ও তদন্তকারী কর্মকর্তা আব্দুল মোমিন জানান, অভিযোগটি আমরা পেয়েছি। ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। সিসিফুটেজ সংগ্রহ করে আসামিদের ধরার চেষ্টা চলছে।
খবরওয়ালা/এফএস