রাজধানীতে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা, ২ কোটি টাকা চাঁদা দাবি কেয়ারটেকারের

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন লিমিটেডের ৮ নম্বর রোডের ১২ নম্বর হোল্ডিংয়ে এক কাতার প্রবাসীর কেনা বাড়ি দখলের চেষ্টা চলছে। অভিযোগ উঠেছে, বাড়ির কেয়ারটেকার রেজাউল করিম সুজন ও তার স্ত্রী রাশেদা বেগমসহ তাদের সহযোগীরা ওই বাড়ি দখলের অপচেষ্টা চালাচ্ছেন।

ভুক্তভোগী কাতার প্রবাসী আব্দুল আলীর অভিযোগ, বাড়িটি ফেরত চাইলে কেয়ারটেকার তার কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। বাড়ি উদ্ধার ও চাঁদা দাবিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি ও ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন প্রবাসীর জামাতা মো. কামরুল হাসান।

লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১৩ সালে আব্দুল আলী ১১.১৩ শতাংশ জমি ক্রয় করে ওই বাড়ি নির্মাণ করেন। বাড়িটির দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় কেয়ারটেকার রেজাউল করিম সুজন ও তার স্ত্রী রাশেদাকে। জমির মূল দলিল, পোর্চা ও খাজনার রশিদ কেয়ারটেকারের কাছে থাকার সুযোগে জালিয়াতির মাধ্যমে দখলের চেষ্টা শুরু হয়।

অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১২ ডিসেম্বর ৭৪১০ নম্বর দলিল খারিজ করে সুজন তার বোন বিলকিস বেগমকে হেবা করেন। পরে ২০২৩ সালের ১০ অক্টোবর প্রবাসী আব্দুল আলীর ৬৪৭৬ ও ৬৪৭৮ নম্বর দলিল ব্যবহার করে জাল দলিল তৈরি করা হয়। এরপর বিলকিস বেগমের নামে দলিলও রেজিস্ট্রি করেন তারা। এভাবে নানা অপকৌশলে বাড়ি দখলের চেষ্টা অব্যাহত রাখেন কেয়ারটেকার।

কামরুল হাসান আরও জানান, বারবার মূল দলিল ফেরত চাইলে কেয়ারটেকার টালবাহানা করেন। পরে ২ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং টেলিফোনে চাঁদা না দিলে প্রবাসী মালিক ও তার স্বজনদের হত্যার হুমকি দেন। শুধু তাই নয়, আইনগত ব্যবস্থা নেওয়া হলে তাদের হত্যা করে লাশ গুম করার হুমকিও দেন তিনি।

সংবাদ সম্মেলনে বাড়িটি রক্ষা করতে ও প্রাণনাশের হুমকির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপের দাবি জানান তিনি।

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।