সরকারি ওষুধ বিক্রির মামলায় চট্টগ্রামে এক ব্যক্তির ১৪ বছরের জেল

চট্টগ্রামে সরকারি হাসপাতালের ওষুধ খোলাবাজারে বিক্রির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আবদুল নূর (৬৮) নামে এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক বেগম সিরাজাম মুনীরা এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আবদুল নূর চট্টগ্রাম নগরের দামপাড়া এলাকার আবদুল মোতালেবের ছেলে।

অতিরিক্ত পিপি মোরশেদুর রহমান চৌধুরী জানান, চারজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে সরকারি ওষুধ খোলাবাজারে বিক্রির বিষয়টি প্রমাণিত হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২৫ মার্চ নগরের কোতোয়ালী থানার কে সি দে রোড সিনেমা প্যালেসের প্রধান ফটকের সামনে থেকে আবদুল নূরকে গ্রেপ্তার করা হয়। তখন তার কাছ থেকে সরকারি হাসপাতালের বিভিন্ন ও নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়। তিনি এসব ওষুধ অবৈধভাবে বাজারে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।

এ ঘটনায় তৎকালীন এসআই কাজী মাসুদ ইবনে আনোয়ার কোতোয়ালী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০১৪ সালের ১১ মার্চ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু হয়।

সূত্র: বাসস

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।