খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 21শে শ্রাবণ ১৪৩২ | ৫ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
কক্সবাজারের ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা বৈঠক করেছেন বলে গুঞ্জন উঠেছে । মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কক্সবাজারের সি পার্ল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, এই বৈঠকে অংশ নেন দলের জ্যেষ্ঠ নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারাসহ আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা।
তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বৈঠকটি ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
গোয়েন্দা তথ্য সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বিমানে করে কক্সবাজার আসেন এনসিপির চার শীর্ষ নেতা— হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও ডা. তাসনিম জারা।
পরে তারা কক্সবাজারে অবস্থিত সি পার্ল হোটেলে উঠেন। বেলা আনুমানিক ১১-১২টার দিকে তারা হোটেলে অবস্থান করা ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেন। বিকাল ৩টার দিকে তাদের ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
এদিকে এ খবরকে গুজব বলে দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়কারী ও বৈঠকে অংশ নেওয়া নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। কক্সবাজারে তারা ঘুরতে এসেছেন জানিয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘পিটার হাসের সঙ্গে আমাদের কোনো মিটিং হয়নি। পুরোটাই গুজব ও প্রোপাগাণ্ডা। আমরা ঘুরতে এসেছি। হোটেলে চেক-ইন করে এমন নিউজ দেখলাম। এটা গুজব।’
খবরওয়ালা/এমএজেড