হাঙ্গেরির আইসিসি ত্যাগের ঘোষণা

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের প্রাক্কালে বৃহস্পতিবার (৩ এপ্রিল) এ সিদ্ধান্তের কথা জানায় দেশটির সরকার। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। তবে সেই পরোয়ানাকে উপেক্ষা করেই তিনি হাঙ্গেরি সফরে গেছেন।

আইসিসির সদস্য হয়েও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানিয়েছে হাঙ্গেরি, যা সংস্থাটির কড়া সমালোচনার মুখে পড়েছে। আইসিসির মুখপাত্র ফাদি এল আবদাল্লাহ বলেন, ‘সদস্য রাষ্ট্র হিসেবে হাঙ্গেরির আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করা বাধ্যতামূলক। আদালতের বিচারিক কার্যক্রম সংক্রান্ত যেকোনো বিরোধ কেবল আদালতের মাধ্যমেই সমাধান করা উচিত।’

এরপরই আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় হাঙ্গেরি। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের চিফ অফ স্টাফ গের্গেলি গুলিয়াস এক ফেসবুক পোস্টে জানান, সরকার সাংবিধানিক ও আন্তর্জাতিক আইনি কাঠামো অনুসারে প্রত্যাহার প্রক্রিয়া শুরু করেছে।

সাধারণত, জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ে প্রত্যাহারের আনুষ্ঠানিক নথি জমা দেওয়ার এক বছর পর তা কার্যকর হয়। এর আগে কেবল বুরুন্ডি ও ফিলিপাইন আইসিসি থেকে নিজেদের প্রত্যাহার করেছিল। হাঙ্গেরির এই সিদ্ধান্ত নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি আইসিসি।

উল্লেখ্য, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান দীর্ঘদিন ধরে ইইউ-বিরোধী নীতি, বিচার বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং নাগরিক সমাজ ও মানবাধিকার সংস্থাগুলোর দমননীতির জন্য সমালোচিত হয়ে আসছেন। গত বছর তিনি আইসিসির জারি করা গ্রেফতারি পরোয়ানাকে প্রত্যাখ্যান করে নেতানিয়াহুকে হাঙ্গেরিতে স্বাগত জানান।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।