অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর

জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।

শুক্রবার (১৩ জুন) ভোরে সমু চৌধুরীর খালাতো ভাই অপু চৌধুরীর কাছে তাকে হস্তান্তর করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম।

এর আগে গত বুধবার (১১জুন) রাতে ঢাকা থেকে একটি মোটরসাইকেলযোগে গফরগাঁওয়ে মুখী শাহ্ মিসকিন মাজারে আসেন তিনি। মাজারটির অবস্থান পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মাজারের পাশেই বিশাল একটি বট গাছের নিচে গামছা পড়ে খালি গায়ে মাদুরে শুয়ে থাকেন সমু চৌধুরী। পাশে একটি পানির বোতল ও পুতুল ছিল। মাজারে শুয়ে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু ছবি ছড়িয়ে পড়েছে।

মামুন নামে এক অভিনয়শিল্পী প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। ফেসবুক স্ট্যাটাসে অভিনয়শিল্পী মামুন জানান, ‘সমুদাকে আমরা পার্শ্ববর্তী সেইফ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারীরিক কন্ডিশনের উপর ভিত্তি করে যত দ্রুত সম্ভব ঢাকায় নিয়ে আসবো। সমস্ত প্রক্রিয়াটি অভিনয় শিল্পী সংঘের স্পেশাল তত্ত্বাবধানে হচ্ছে।’

কিন্তু সমু চৌধুরী কিভাবে ওই মাজারের সামনে পৌঁছলেন, কেন পৌঁছালেন আর কেনই বা তার গায়ে কোন পোশাক নেই—এ নিয়ে কেউ কিছুই জানাননি।

মাজার ভক্ত এক নারী জানান, উনাকে বুধবার রাতে কয়েকজনের সঙ্গে মাজারে আসেন। বাকিরা চলে গেলেও তিনি রয়ে যান এবং সেখানেই ঘুমিয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই উদ্বেগ প্রকাশ করেন এবং অনেকে অভিনেতার মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তোলেন।

উপজেলা নির্বাহী অফিসার এনএম আব্দুল্লহ আল মামুন জানান, সমু চৌধুরীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। তিনি সুস্থ আছেন, ভালো আছেন।

ময়মনসিংহের পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, শুক্রবার ভোর ৩টার দিকে সমু চৌধুরীর খালাতো ভাই অপু চৌধুরীর কাছে তাকে হস্তান্তর করেছি। এ সময় অভিনয় শিল্পী সংঘের কয়েকজন উপস্থিত ছিলেন।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।