খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ই জুন ২০২৫, ৬:৫৫ পিএম
আজ বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দলগুলোর অন্যতম বাংলাদেশ আওয়ামী লীগ–এর ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কে এম দাস লেনের ঐতিহাসিক রোজ গার্ডেন প্রাসাদে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে দলটির যাত্রা শুরু হয়। তত্কালীন পাকিস্তানে এটি ছিল প্রথম সংগঠিত ও শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল।
দলের প্রথম কাউন্সিলে মওলানা আবদুল হামিদ খান ভাসানী সভাপতি এবং শামসুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন। তবুও দলীয় নেতাকর্মীদের সর্বসম্মত সিদ্ধান্তে বঙ্গবন্ধুকে প্রথম কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
পরবর্তীতে ১৯৫৩ সালে ময়মনসিংহে অনুষ্ঠিত দ্বিতীয় কাউন্সিলে মওলানা ভাসানী পুনরায় সভাপতি এবং শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৫৫ সালের ২১-২৩ অক্টোবর ঢাকার সদরঘাটের রূপমহল সিনেমা হলে অনুষ্ঠিত তৃতীয় কাউন্সিলে দল থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে নতুন নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দলটির নাম চূড়ান্তভাবে পরিবর্তিত হয়ে হয় বাংলাদেশ আওয়ামী লীগ, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মুক্তিযুদ্ধসহ নানা গণতান্ত্রিক আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।
তবে চলমান রাজনৈতিক অস্থিরতা ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দলটির বর্তমান কার্যক্রম স্থগিত রয়েছে। আবার অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। ফলে নেতাকর্মীরা গা-ঢাকা দিতে বাধ্য হয়েছেন। এজন্য প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত কোনো কর্মসূচি এ বছর পালন করা হচ্ছে না।
খবরওয়ালা/এন
মন্তব্য