আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজারে এই ঘটনা ঘটে।

নিহত ছাত্রদল নেতার নাম সোহরাব মিয়া (২৮)। তিনি কাঁঠালকান্দি গ্রামের মৃত চান মিয়ার ছেলে এবং চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহ-সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে উত্তেজনা চরমে পৌঁছালে দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে মোল্লা গোষ্ঠীর সমর্থক সোহরাব মিয়া গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত কমপক্ষে ১৫ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তপন সরকার গণমাধ্যমকে বলেন, ‘দীর্ঘদিনের বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে, আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।