খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 4শে ভাদ্র ১৪৩২ | ১৯ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
‘স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আত্মীয়-স্বজন ও সমর্থকরা এর আগে অস্ত্রের মুখে আমাকে তুলে নিয়ে সাজানো বক্তব্য দিতে বাধ্য করেছিল। এখন তারা আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই।’
এভাবেই নিজেদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিন হত্যাকাণ্ডে নিহত রুবি আক্তারের স্বামী (দ্বিতীয়) খলিলুর রহমান জুয়েল। সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল ইসলাম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন।
জুয়েল বলেন, ‘আমার পরিবারের তিনজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেন আড়ালে থেকে কলকাঠি নেড়েছেন। তাকে গ্রেপ্তার করা হলে হত্যার আসল রহস্য বের হয়ে আসবে।’
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সাতটি শিশু এতিম হয়েছে, সবাই আমার ওপর নির্ভরশীল। আমি কার জন্য কাঁদব- মা, ভাই নাকি বোনের জন্য? ঘটনাটি মনে হলে ভাষা হারিয়ে ফেলি। অথচ এখন মিথ্যা প্রচার করে বলা হচ্ছে আমার মায়ের বিরুদ্ধে মাদক মামলা আছে। অথচ তিনি চেয়ারম্যান না হলেও গ্রামের অসহায় মানুষ সবসময় তার কাছে বিচার চাইতে আসতেন, যা শিমুল চেয়ারম্যান সহ্য করতেন না। এ কারণেই বিল্লাল হোসেনের নির্দেশে এই হত্যাকাণ্ড হয়েছে।’
জুয়েল অভিযোগ করেন, ‘ঘটনার দিন আমি ও আমার বোন আড়াই ঘণ্টা পুলিশের সহযোগিতা চেয়েছি, ৯৯৯-এ ফোন দিয়েও সাহায্য পাইনি। থানা থেকে আমাদের বাড়ি সর্বোচ্চ ১৫ মিনিট দূরে, কিন্তু পুলিশ অনেক পরে আসে। ফলে আসামিরা পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর আমি এখনও চিকিৎসাধীন। মাথায় ৭২টি, হাতে ১৬টি, পায়ে ২০টি ও কোমরে ২৬টি সেলাই দেওয়া হয়েছে। আমার শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছে। প্রায় দুই মাস হয়ে গেলেও বিচার পাইনি। ঘটনার তৃতীয় দিন র্যাব কিছু আসামি ধরলেও এখনো মূল আসামিরা গ্রেপ্তার হয়নি।’
তিনি জানান, একটি টেলিভিশন সাক্ষাৎকারে আসিফ মাহমুদের বাবার সম্পৃক্ততার ইঙ্গিত দেওয়ার পর ৩১ জুলাই আসিফের চাচাতো ভাই ওবায়দুল্লাহর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে সাজানো বক্তব্য দিতে বাধ্য করা হয়।
জুয়েল বলেন, ‘রাষ্ট্রের ক্ষমতাধর উপদেষ্টার কাছে আমরা অসহায় হয়ে পড়েছি। জুলুমের শিকার হয়েও প্রকাশ্যে বলতে পারি না। বরং আমাদের দিয়ে বলানো হচ্ছে মিথ্যা ও বানোয়াট কথা।’
তিনি নৃশংস হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা এবং পরিবারের জীবনের নিরাপত্তা রক্ষায় সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
প্রসঙ্গত, গত ৩ জুলাই কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিনজনকে হত্যা করে দুর্বৃত্তরা।
খবরওয়ালা/টিএসএন