ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপের মূল পর্বের পথে বাংলাদেশ

রেফারির শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ল বাংলাদেশের নারী ফুটবলার ও কোচিং স্টাফরা। স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ।

এই জয় বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। কারণ, যেখানে পুরুষ ফুটবল দল ১৯৮০ সালে প্রথমবার এশিয়া কাপ খেলেছিল, সেখানে নারী ফুটবল দল কখনোই এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলার সুযোগ পায়নি। এই জয়ের ফলে সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নেওয়ার অপেক্ষায়।

ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র। দ্বিতীয় মিনিটেই গোলের চেষ্টা করে বসে বাংলাদেশ, আর তৃতীয় মিনিটে মিয়ানমারের বিপজ্জনক আক্রমণ আটকে দেন শামসুন্নাহার সিনিয়র।

ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের

ম্যাচের ১৮তম মিনিটে শামসুন্নাহার জুনিয়রের ফাউলের সুবাদে ফ্রি কিক পায় বাংলাদেশ। ঋতুপর্ণার প্রথম শট রক্ষণে প্রতিহত হলেও ফিরতি শটে দারুণভাবে জাল খুঁজে নেন তিনি। এ গোলেই প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজের মেয়েরা। দ্বিতীয়ার্ধে মিয়ানমার চাপ বাড়ালেও বাংলাদেশের রক্ষণ ভেঙে পড়েনি। শামসুন্নাহার, আফঈদা, রুপনা-সবার দৃঢ়তা ছিল প্রশংসনীয়। ৭২তম মিনিটে আবারও বাজিমাত ঋতুপর্ণার। প্রতিপক্ষ বক্সের উপরে বল পেয়ে চমৎকার শটে করেন নিজের দ্বিতীয় গোল।

শেষদিকে মিয়ানমার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৮৮তম মিনিটে গোল করে ব্যবধান কমায় উইন উইন। তবে রক্ষণভাগের একাগ্রতায় এবং রুপনার তৎপরতায় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

মিয়ানমার ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে। তাদের হারিয়ে বড় চমক দিল মেয়েরা। এ অবস্থায় বাংলাদেশ নিজেদের শেষ গ্রুপ ম্যাচে আগামী শনিবার তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে। সে ম্যাচে ড্র করলেই নিশ্চিত হবে মূল পর্ব। দল পাবে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এএফসি উইমেন’স এশিয়ান কাপের টিকিট।

 

 

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।