এসএসসির ফল প্রস্তুত, প্রকাশ করা হবে যেদিন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরির কাজ শেষ। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এখন সম্ভাব্য তিনটি তারিখ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে। মন্ত্রণালয় যে তারিখটির অনুমোদন দেবে, সেদিনই ফল প্রকাশ করা হবে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই অপেক্ষা শেষ হবে প্রায় ১৫ লাখ পরীক্ষার্থীর।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ফলাফল তৈরির কাজ প্রায় শেষ। খুব দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে সেই তারিখে ফল প্রকাশ করা হবে।’
সম্ভাব্য তারিখগুলো কী হতে পারে এমন প্রশ্নে ঢাকা বোর্ডের এ পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘এটি এখনও চূড়ান্ত হয়নি। যেহেতু সবশেষ পরীক্ষা ১৫ মে অনুষ্ঠিত হয়েছিল, সেই হিসাবে নিয়ম (৬০ কর্মদিবস) অনুযায়ী ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। সব কিছু ঠিক থাকলে এ সময়ের মধ্যেই ফল পাবে পরীক্ষার্থীরা।’

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে অংশ নেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। আর কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।